রক্তের কালোবাজারি হাইলাকান্দি সিভিল হাসপাতালে : মানবিকতার চরম অবমাননা!
আমার সোনার কালিগঞ্জ,শ্রীভূমি:আমাদের সমাজে রক্তদানকে বলা হয় 'মহৎ দান'। মানুষের জীবন বাঁচাতে যখন একদল স্বেচ্ছাসেবী নিজেদের রক্ত বিলিয়ে দিচ্ছেন, ঠিক তখনই হাইলাকান্দিতে সামনে এল এক কলঙ্কিত অধ্যায়। গত কয়েকদিন ধরে হাইলাকান্দি সিভিল হাসপাতালে রক্তের যে কালোবাজারি চলছিল, তা হাতেনাতে ধরা পড়ার পর সাধারণ মানুষের মনে এখন তীব্র ক্ষোভ।
 |
হাইল্লাকান্দি সিভিল হাসপাতাল,১৪ মার্চ ২০২৬
|
ঘটনাটি ঠিক কী?
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখিয়ে সাধারণ রোগীদের দালালের খপ্পরে ঠেলে দেওয়া হচ্ছে। গতকাল রাতে সেই রহস্যের পর্দা ফাঁস হয়। জানা গেছে, হাসপাতালের ঠিক সামনে অবস্থিত রমা ফার্মেসির কর্মচারী শামীম এই চক্রের মূল হোতা। অভিযোগ অনুযায়ী, ব্লাড ব্যাংক থেকে রক্ত না দেওয়ার টালবাহানা করা হলেও, বাইরের নির্দিষ্ট কিছু ফার্মেসিতে মোটা টাকা দিলেই মিলছে চাহিদামতো রক্ত।
৪০০০ টাকায় বিক্রি হচ্ছে এক ইউনিট রক্ত!
সম্প্রতি এক মুমূর্ষু রোগীর আত্মীয়দের অসহায়ত্বের সুযোগ নিয়ে এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। রোগীর জন্য 'ও পজিটিভ' রক্তের অত্যন্ত প্রয়োজন ছিল। ব্লাড ব্যাংকে যোগাযোগ করা হলে তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং 'ব্লাড লোন' দিতেও অস্বীকার করা হয়। নিরুপায় হয়ে ওই দরিদ্র পরিবারটি দালালের মাধ্যমে ৪০০০ টাকার বিনিময়ে এক ইউনিট রক্ত কিনতে বাধ্য হন।
"মানুষের জীবন নিয়ে এমন ব্যবসা মেনে নেওয়া যায় না। আমরা স্বেচ্ছায় রক্তদান করি যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়, কিন্তু সেই রক্ত যদি চড়া দামে বিক্রি হয়, তবে আমাদের এই উদ্যোগের মূল্য কোথায়?"
-মনোজ বিশ্বাস, সদস্য, হিন্দু রক্ষী দল, হাইলাকান্দি।
সামাজিক সংগঠনের প্রশ্ন ও সচেতন মহলের উদ্বেগ
হাইলাকান্দির বিভিন্ন সামাজিক সংগঠন বছরজুড়ে রক্তদান শিবিরের আয়োজন করে। উদ্দেশ্য একটাই—রক্তের অভাবে যেন কোনো প্রাণ না ঝরে। কিন্তু হাসপাতালের ভেতরেই যদি দালালের এমন সক্রিয় সিন্ডিকেট থাকে, তবে সাধারণ মানুষের ভরসার জায়গাটি কোথায়?
রক্ত কোনো পণ্য নয় যে তা বাজারে বিক্রি হবে। হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। কেবল একজন কর্মচারী বা দালালকে ধরলেই হবে না, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানুষের জীবন বাঁচানোর মতো মানবিক বিষয় নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
প্রতিবেদন: সৌরজিৎ ধর, হাইলাকান্দি।
No comments: