লামাজুয়ার হাই স্কুলের বিরুদ্ধে এ কেমন ষড়যন্ত্র? নেপথ্যে কাদের হাত?!

লামাজুয়ার হাই স্কুলের বিরুদ্ধে অপপ্রচার: নাগরিক সভায় সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত, স্থানীয়দের তীব্র নিন্দা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:- বদরপুর চৈতন্য নগর শিক্ষা খণ্ডের অধীন ঐতিহাসিক লামাজুয়ার হাই স্কুল-এর বিরুদ্ধে সম্প্রতি কিছু প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল ও স্বতঃস্ফূর্ত নাগরিক সভায় বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, অপপ্রচারের নেপথ্য কারণ এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তারা স্পষ্ট জানান, মিডিয়ায় স্কুলের বিরুদ্ধে গাছ কাটা, পুরনো জিনিসপত্র বিক্রি, মিড-ডে মিল (মধ্যাহ্নভোজন) ও সম্পত্তি আত্মসাতের যে সমস্ত অভিযোগ তোলা হয়েছিল, তা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। স্কুল ইন্সপেক্টরের সরজমিন তদন্ত এবং বিদ্যালয় কর্তৃক গঠিত ১৩ সদস্যের বিশেষ তদন্ত কমিটিতেও এসব অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এমনকি ম্যানেজিং কমিটি (SMC) গঠন সংক্রান্ত বিতর্ক ও অন্যান্য অভিযোগগুলোও সর্বৈব অসত্য বলে সভায় জানানো হয়।

আক্ষেপ প্রকাশ করে বক্তারা বলেন, শতভাগ মুসলিম অধ্যুষিত এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার গোটা সমাজ ও এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। শিক্ষা প্রতিষ্ঠান হলো সমাজের প্রাণকেন্দ্র, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের।


নাগরিক সভায় উন্মোচিত হয় এই অপপ্রচারের মূল নেপথ্য কাহিনী। বক্তারা জানান, আনাইর হাওরে অবস্থিত লামাজুয়ার হাই স্কুলের বহু মূল্যবান জমি দখলের অপচেষ্টা চালিয়েছিল একটি অসাধু চক্র। কিন্তু গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সার্কেল অফিসার ও প্রশাসনের সহযোগিতায় স্কুলসহ গোটা এলাকার প্রায় ৯৫ শতাংশ জমি ওই ভূমি মাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হন।

যাদের স্বার্থে আঘাত লেগেছে, সেই কুচক্রী মহলটিই এখন ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং আক্রোশ মেটানোর জন্য মিডিয়ার একটি অংশকে ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা জমি রক্ষা করেছেন, উল্টো তাদেরকেই 'ভূমি মাফিয়া' হিসেবে সাজানোর অপচেষ্টা চলছে বলেও সভায় তীব্র নিন্দা জানানো হয়। গ্রামবাসীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভূমি বিক্রির ক্ষেত্রে বাইরের চক্রে না জড়িয়ে স্থানীয়দের কাছেই যেন জমি বিক্রি করা হয়। প্রয়োজনে আইনি পদক্ষেপ নিলে এই চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালী অনেক নেতার মুখোশও উন্মোচিত হবে।


মিথ্যা সংবাদ পরিবেশনকারী সেই সাংবাদিকের বিরুদ্ধে করিমগঞ্জ ও বদরপুর প্রেসক্লাবসহ উচ্চতর দফতরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এছাড়া, মাধ্য়মিক পরীক্ষার্থীদের অনুদান প্রসঙ্গে কংগ্রেস নেতা এবাদ উদ্দিন ঘোষণা দেন যে, যেসব গরিব ছাত্রছাত্রী ফি বাবদ ১০০ টাকা দিতে পারবেন না, সেই অর্থ তিনি নিজে বহন করবেন।

সভায় এলাকার ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তব্য রাখেন— জিপি সভার নেত্রীর প্রতিনিধি শহীদ আহমেদ, প্রাক্তন এপিসি সদস্য কমরুল ইসলাম, কংগ্রেস নেতা এবাদ উদ্দিন, আব্দুল সাত্তার, এপিসি সদস্যের প্রতিনিধি আলাউদ্দিন দুদুমিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হোসেন আহমেদ, সহ-সভাপতি কামরুন্নেসা, প্রাক্তন শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

সভাশেষে উপস্থিত সকলে একবাক্যে ঘোষণা দেন— শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের সম্মান রক্ষার্থে এই মিথ্যা অপপ্রচার কোনোভাবেই বরদাশত করা হবে না এবং মানহানিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

নেতানিয়াহু যুগের অবসান?

নেতানিয়াহু যুগের অবসান? ইজরায়েলে নতুন সরকার গঠনের নেপথ্যে বড় পরিবর্তন! আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি : ইজরায়েলের রাজনীতিতে ফের এক বিশাল তোল...

Powered by Blogger.