শ্রীভূমিতে বিহু দলের ওপর বর্বর হামলা: ১৩ জন গ্রেপ্তার, আসামজুড়ে তীব্র ক্ষোভ ও পুলিশি তৎপরতা
আমার সোনার কালিগঞ্জ , শ্রীভূমি :
আসামের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও লোকজীবনের মূল স্পন্দন হলো 'বিহু'। কিন্তু সম্প্রতি শ্রীভূমি (পূর্বের করিমগঞ্জ) জেলায় বিহু পরিবেশনা চলাকালীন একটি সাংস্কৃতিক দলের ওপর অতর্কিত হামলার ঘটনায় গোটা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা ও দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে পরিবেশন করা বিহু গান বন্ধ করার দাবি তুলে একদল দুষ্কৃতী বিহু শিল্পী ও দলের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
খবর অনুযায়ী, বরাক উপত্যকার শ্রীভূমিতে দুর্গাপূজার শোভাযাত্রা ও অনুষ্ঠানের সময় একটি বিহু সাংস্কৃতিক দল তাদের পরিবেশনা করছিল। অনুষ্ঠান চলাকালীন কিছু স্থানীয় দুষ্কৃতী অসমীয়া গান পরিবেশনে আপত্তি জানায় এবং হঠাৎ করেই শিল্পীদের ওপর চড়াও হয়। এই হামলায় দলের বেশ কয়েকজন সদস্য মারাত্মকভাবে আহত হন এবং তাদের সাথে থাকা বহু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়, এরকম অবিযোগ উঠছে।
সংস্কৃতির ওপর এমন আঘাতের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছাত্র সংগঠন (AASU, TAYPA) সহ সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন:
"শ্রীভূমিতে বিহু দলের ওপর আক্রমণের খবর অত্যন্ত উদ্বেগের ও দুঃখজনক। বিহু হলো আসামের আত্মা, আমাদের গৌরব ও পরিচয়। আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কোনো অপমান সহ্য করব না।"
মুখ্যমন্ত্রী অবিলম্বে আসাম পুলিশের ডিজিপি-কে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
![]() |
| X handle @Himantabiswasarma |
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শ্রীভূমি থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযান পরিচালনা করে। পুলিশের তরফ থেকে এক্স (X) হ্যান্ডেলে জানানো হয় যে, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় একটি ক্লাবের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মাননীয় আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীভূমি থানায় এ বিষয়ে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া জারি রাখা হয়েছে।
আসামের সংস্কৃতি রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার নেপথ্যে আর যারা জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে। আসামের শান্ত ও বহুত্ববাদী পরিবেশে এমন সাংস্কৃতিক অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।



No comments:
Post a Comment